এপাচি-মাইএসকিউএল-পিএইচপি সহজপাঠ বইটির দ্বিতীয় সংস্করণ নিয়ে কাজ করছিলাম অনেক দিন থেকেই। কিন্তু কোনো না কোনো কারণে এটি শেষ করা বিলম্বিত হচ্ছিল মাত্র। প্রায়ই এটি নিয়ে গভীর মনোযোগ দিয়ে কাজ করি, কিন্তু হঠাৎ কিছু এসে যায় – আর সেটি বাদ দিয়ে অন‍্য কিছু নিয়ে ব‍্যস্ত হয়ে যেতে হয়। তারপর বেশ কিছুদিন পর আবার শুরু করি, আবার বাধা।

যাই হোক অবশেষ কাজটি শেষ হয়েছে – গত মাসে। বই প্রকাশককে দিয়েছি। তারপর অপেক্ষা ছাপা হয়ে বের হওয়ার। আজ ছাপা বই হাতে পেলাম। আগের চেয়ে ছাপার মান ভাল হয়েছে। বইয়ে খুব বেশি পরিবর্তন নেই, তবে পিএইচপি’র নূতন ভার্সনের সাথে সামঞ্জস‍্যপূর্ণ করা হয়েছে।

Apache-MySQL-PHP Shohojpath

এবার বইয়ের সাথে সিডি দেব না ভেবেছিলাম। কারণ আগের সংস্করণের সাথের সিডি নিয়ে বেশ ঝামেলা গেছে – প্রায়ই শুনতাম সিডি কাজ করে না। তাই এবার বইয়ের সব কোড https://github.com/suhreed/PHPBook লোকেশনে রেখেছি। বইয়ের মধ‍্যে তা উল্লেখও করেছি। কিন্তু প্রকাশক জানালেন বইয়ের সাথে সিডি দিতে হবে – কারণ বই কিনতে এসে পাঠক সিডি চাচ্ছেন। এই বইয়ে সিডি নেই দেখে সিডিওয়ালা বই কিনে নিয়ে যাচ্ছেন। সুতরাং কোড ও আরো কিছু টুলস দিয়ে সিডি বানিয়ে দিলাম। আশা করি এবার সেসব পাঠক খুশি হবেন।